অন্নপ্রাশন – নির্মলেন্দু গুণ
মুখে তোমার দাঁত ছিলো না।
তাইতো মুখে ভাত ছিলো না।
দাঁত ওঠানোর ব্যাপারটাতে
কারোই কোন হাত ছিলো না।
কিন্তু যে-ই উঠলো দাঁত,
অমনি মামা ছুটে এসে
একটুখানি মুচকি হেসে
মেয়ের মুখে দিলেন ভাত।
মামার দেয়ার অর্থ কী?
জানে বনের হরতকি।
আমি বলি আরে বাপু
এ ছাড়া সে করতো কী?
যখন তুমি বড় হবে,
জানবে তোমার বাবার নাম-
জানবে মামা ভাত খাওয়ালেও
বাবাই দেন চালের দাম।
